বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এ জন্য একটি ভোট কক্ষে দুটি গোপন বুথ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি জানান, মন্ত্রণালয়গুলোর সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটার তালিকা, নিরাপত্তা, সরকারি দায়িত্বশীলদের উপস্থিতি, পরিবহন ও লজিস্টিক সব ক্ষেত্রেই একযোগে প্রস্তুতি নেওয়া হবে।
একদিনে দুটি ভোট হওয়ায় ভোটারদের যেন বিভ্রান্তি না হয় সেজন্য—
ব্যালটপেপার হবে দুটি ভিন্ন রঙে,
বুথের সামনে স্পষ্ট নির্দেশনা থাকবে,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হবে,
ভোট কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
ইসি জানিয়েছে, প্রাথমিক সিদ্ধান্ত বাস্তবায়নের আগে নির্বাচন মাঠপর্যায়ের অফিস, রিটার্নিং কর্মকর্তাদের অফিস এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনা করা হবে।