বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলটির খেলোয়ারদের বিশ্লেষণ করলে স্পষ্টভাবে চোখে পড়ে ইউরোপিয়ান ফুটবলের আধিপত্য। এ তালিকা প্রমাণ করে স্পেনের লা লিগা ও অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের ওপরই সবচেয়ে বেশি ভরসা কোচ লিওনেল স্কালোনির। পুরো স্কোয়াডে সবচেয়ে বেশি ছয়জন ফুটবলার এসেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে।
লা লিগা থেকে মোট সাতজন খেলোয়াড় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার দলে। অ্যাথলেটিকোর ছয়জনের সঙ্গে রয়েছেন রিয়াল বেটিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও পাঁচজন ফুটবলার আছেন স্কোয়াডে। তাদের মধ্যে আছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো। সঙ্গে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। একই সংখ্যক খেলোয়াড় এসেছে ফরাসি লিগ ওয়ান থেকেও। জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা ও ভালেন্তিন বার্কো খেলছেন ফ্রান্সে।
ক্লাবভিত্তিক হিসাব করলে দ্বিতীয় সর্বোচ্চ তিনজন খেলোয়াড় এসেছে অলিম্পিক মার্শেই থেকে। রুলি, বালের্দি ও মেদিনা বর্তমানে ফরাসি ক্লাবটির সদস্য। অন্যদিকে ইন্টার মায়ামি থেকে আছেন অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পল।
নিজেদের ঘরোয়া লিগ থেকে অবশ্য খুব বেশি ফুটবলার নেননি স্কালোনি। এ ছাড়া পর্তুগিজ লিগে খেলছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দক্ষিণ আমেরিকার আরেক প্রতিনিধি হিসেবে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ থেকে দলে জায়গা পেয়েছেন হোসে মানুয়েল লোপেজ।
সব মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ইউরোপীয় ফুটবলারদের জয়জয়কার।