প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 04-06-2026 ইং
সংবাদ শিরোনামঃ আমির খানের তৃতীয় বিয়ে ৫ জুলাই
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বলিউড তারকা আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে রেজিস্ট্রি বিয়ে করবেন আমির খান।
আমিরের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। তবে তাদের এই বিয়ের অনুষ্ঠানটি বড় কোনো আড়ম্বর ছাড়াই একদম ঘরোয়া পরিবেশে সম্পন্ন হবে। যেখানে দুই পরিবারের সদস্য এবং খুবই ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছোট পরিসরের উপস্থিতি থাকবে।
বিয়ের অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও আমিরের দীর্ঘদিনের বন্ধু বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। ২০০২ সালে রীনার সঙ্গে বিচ্ছেদের পর চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে রয়েছে ছেলে আজাদ রাও খান। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০২১ সালে আমির ও কিরণ যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন।
আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে, যার নাম কুইন। গৌরীর পারিবারিক ইতিহাসও বেশ সমৃদ্ধ। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত এক বিখ্যাত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে দেশটির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছিলেন।
গত বছর মুম্বাইয়ে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খান প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। দীর্ঘদিন বন্ধু থাকার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার দুই বছরেরও বেশি সময় ধরে চলা সেই গভীর সম্পর্কই রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।