বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের নামে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা মোট ৫৬টি হিসাব (Bank Accounts) অস্থায়ীভাবে ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার একটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের আইনজীবী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদ গোপন ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। এই প্রেক্ষিতে তদন্তে সহায়তার জন্য সংশ্লিষ্ট হিসাবগুলো সাময়িকভাবে ফ্রিজ করার প্রয়োজন হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব ব্যাংক ও আর্থিক হিসাব থেকে কোনো ধরনের টাকা উত্তোলন, হস্তান্তর বা স্থানান্তর করা যাবে না।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই পদক্ষেপকে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।