বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
‘ঐতিহাসিক জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে
বিক্ষোভে ফেটে পড়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে উভয়মুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
বিক্ষোভকারীরা দাবি করেন,
“গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আর শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করে সরকার জনগণের কণ্ঠরোধ করতে চায়, তা মেনে নেওয়া হবে না।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ধীরে ধীরে মহাসড়কের শানিবাজার, সাইনবোর্ড ও যাত্রাবাড়ী এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মহাসড়কে যানজট চরমে পৌঁছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“বিক্ষোভকারীরা হঠাৎ করে মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল পুরোপুরি থেমে যায়। আমরা পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করছি।”
বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন এবং এর মাধ্যমে সরকারকে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে, জুলাই যোদ্ধাদের ভূমিকা ভুলে যাওয়ার সুযোগ নেই।