বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত চূড়ান্ত আপিল শুনানি একদিনের জন্য মুলতবি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আগামীকাল বুধবার (২২ অক্টোবর) পুনরায় এ শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। তবে উভয়পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করেন।
২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়।
এরপর থেকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক ও আইনি লড়াই অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা একাধিক রিট মামলার শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রায় চ্যালেঞ্জ করে আপিল করা হয়। সেই আপিলেরই চূড়ান্ত শুনানি চলমান।
শুনানি মুলতবির আদেশে বলা হয়, আগামীকাল (বুধবার) আপিল বিভাগের কার্যতালিকায় বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় উপস্থাপন করা হবে।