বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সংঘর্ষের ঘটনার পর সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় দুটির ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এক শিক্ষার্থীর সঙ্গে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।