নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’ এবার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পাচ্ছে।
প্রবাসে বাংলা চলচ্চিত্র পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস ছবিটি উত্তর আমেরিকার দর্শকদের জন্য মুক্তি দিচ্ছে জুন মাসের শেষ সপ্তাহ থেকে।
বাংলাদেশে মুক্তির পর দর্শকদের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে প্রেমকেন্দ্রিক এই চলচ্চিত্রটি। বায়োস্কোপ ফিল্মসের এটি ৫৫তম আন্তর্জাতিক পরিবেশনা।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, "গত কয়েক বছরে আমরা ধীরে ধীরে প্রবাসে বাংলা চলচ্চিত্রের একটি দর্শকশ্রেণি তৈরি করতে পেরেছি। আমাদের ৫৫তম চলচ্চিত্র হিসেবে ‘রইদ’কে অস্কার কোয়ালিফাইং রাউন্ডে বিবেচনার জন্য প্রয়োজনীয় সব ধরনের মানদণ্ড পূরণের চেষ্টা করছি।"
তিনি আরও বলেন, "মেজবাউর রহমান সুমন একজন অসাধারণ নির্মাতা। তার কাব্যিক নির্মাণশৈলী দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন শহর থেকে ইতোমধ্যেই অনেকে ছবিটি দেখার বিষয়ে খোঁজ নিচ্ছেন।"
ছবিটির উত্তর আমেরিকায় মুক্তি নিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমি কাউকে ছবি দেখতে আসতে বলতে পারি না। তবে যারা ছবি দেখেন এবং তাদের অনুভূতি জানান, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ‘রইদ’ খুবই সাধারণ একটি সিনেমা, এটি মূলত প্রেমের গল্প। দর্শকরা দেখেই এর মূল্যায়ন করবেন।"
বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় মুক্তি পাওয়া ‘রইদ’ ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ বিডি ও ফেসকার্ড। ছবিটির ডিজিটাল কনসালটেন্ট হিসেবে কাজ করছে কোলাহল কমিউনিকেশন।