ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে এবার সরাসরি ফিফার সদর দপ্তরে ডাক পড়েছে দেশটির ফুটবল কর্তাদের। জুরিখে এই বৈঠক হবে বলে জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ। গত শুক্রবার কানাডা থেকে ফিরে ইরানি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আলোচনা করার মতো অনেক বিষয় আছে আমাদের।’
ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রম ইরানি প্রতিনিধিদলকে ২০ মের মধ্যে জুরিখে আসার আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টির স্পর্শকাতরতার কথা মাথায় রেখে নাম প্রকাশ না করার শর্তে এপিকে এ তথ্য দিয়েছে ঘটনার সঙ্গে জড়িত একটি সূত্র।
জুনের প্রথম সপ্তাহে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ইরান ফুটবল দলের। অ্যারিজোনার টুসনে নিজেদের বেইজ ক্যাম্প বানিয়ে অনুশীলন করার কথা তাদের। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা দলটির। একই মাঠে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে, আগামী ২১ জুন। আর সিয়াটলে ২৭ জুন তাদের প্রতিপক্ষ মিসর।
বিশ্বকাপে দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্সআপ হলে ৩ জুলাই ডালাস কাউবয়েজের মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে পারে ইরান।
তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকে দেশটির বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে নতুন নাটকীয়তা যোগ হয়েছে কানাডায়। সম্প্রতি ভ্যাঙ্কুভারে ফিফার বার্ষিক কংগ্রেসে ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে কেবল ইরানই অনুপস্থিত ছিল। সেই কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আরও একবার নিশ্চিত করেন, ইরান নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ খেলবে। হোয়াইট হাউসে পরে একই কথার প্রতিধ্বনি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, ‘জিয়ান্নি (ইনফান্তিনো) যখন বলেছে, তখন আমার আপত্তি নেই।’