আসছে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পর্তুগাল এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত কোচ হোসে মরিনহো। তার মতে, পর্তুগাল টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান দল।
সম্প্রতি ইতালিয়ান ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টসউইক’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।
মরিনহো বলেন, "পর্তুগাল সবকিছু করতে সক্ষম। তাদের বর্তমান প্রজন্ম অসাধারণ। এই দলটি টেকনিক্যালিও অন্য অনেক দলের চেয়েও শক্তিশালী।"
তিনি বলেন, "অবশ্যই ব্রাজিল আছে, যাদের কোচ কার্লো আনচেলত্তি। আর আর্জেন্টিনাও শক্তিশালী দল। তবে পর্তুগালের বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে।"
এবারের বিশ্বকাপে পর্তুগালের মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেজ, বার্নান্দো সিলভা এবং রাফায়েল লিয়াওয়ের মতো কুশলী তারকারা। তাদের সঙ্গে আছেন দলের সবচেয়ে বড় ভরসা ফুটবল নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি রাঙাতে সর্বোচ্চটাই দেবেন এটা আশা করা যায়।
আসছে বিশ্বকাপে গ্রুপ পর্বেও তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে এ দলটি। পর্তুগাল প্রথম ম্যাচ খেলবে কঙ্গোর বিপক্ষে। এরপর মুখোমুখি হবে উজবেকিস্তানের, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়া। এ ম্যাচের ফল গ্রুপসেরা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে পর্তুগাল এখন আরও গতিময়, ভারসাম্যপূর্ণ ও কৌশলগতভাবে পরিণত একটি দলে পরিণত হয়েছে। বিশেষ করে আগের বিশ্বকাপে কঠিন সময় পার করা রোনালদোকে আবারও সেরা ছন্দে ফিরিয়ে আনার কৃতিত্বও অনেকটা মার্টিনেজের।
সব মিলিয়ে এ দলকে ঘিরে হোসে মরিনহোর আগাম মন্তব্য মিলে গেলে অবাক হবার কিছু থাকবে না।