রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত
হয়েছেন এবং আরও অন্তত ১৮ জন আহত
হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, বুধবার (২২ অক্টোবর)
সন্ধ্যায় উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক শহরের কাছে কোপেইস্কে একটি গোলাবারুদের কারখানায় এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লাস্টমাস সামরিক প্ল্যান্টে বিস্ফোরণ এবং আগুনের গোলা দেখা গেছে।
গভর্নর আলেক্সি টেক্সলার মতে, বিস্ফোরণের পরপরই
সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে
যায় এবং একটি
কমান্ড সেন্টার স্থাপন
করে। শহরের বাসিন্দা বা বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি
নেই বলেও জানান
তিনি।
দমকল
বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা না গেলেও কারখানাটিতে
সামরিক সরঞ্জামের জন্য গোলাবারুদ উৎপাদন করা হতো বলে জানা গেছে। তদন্ত কমিটি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।