রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর একাধিক সদস্য ও সমর্থক। প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের আশপাশে অবস্থান নেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পূর্বেই বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের রাজনৈতিক সমাবেশ, শোভাযাত্রা ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা ও প্রধান ফটকের বাইরে সন্দেহভাজন বিএনপি ও জামায়াতপন্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “উর্ধ্বতনদের নির্দেশ ছাড়া কিছু বলা যাবে না।” তবে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নির্বাচনের দিন এমন রাজনৈতিক উপস্থিতি অনাকাঙ্ক্ষিত। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
নির্বাচন ঘিরে ক্যাম্পাসে আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ক্যাম্পাসের বাইরে রাজনৈতিক দলের সদস্যদের এমন অবস্থান নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী।