ইসরায়েলের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ নীতি চালু করার পরিকল্পনার বিরুদ্ধে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেরুজালেমের প্রধান প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ রুটগুলোতে যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা বলেন, তাদের ধর্মীয় শিক্ষার কারণে সামরিক সেবায় বাধ্য করা অন্যায়। তাদের মতে, বাধ্যতামূলক সামরিক সেবা ধর্মীয় জীবনযাত্রা ও শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
ইসরায়েলি সরকার এই নিয়োগ নীতি চালু করার মাধ্যমে সামরিক বাহিনীতে অংশগ্রহণ বৃদ্ধি করতে চাচ্ছে। সরকারি পক্ষের দাবী, এটি দেশের নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির জন্য অপরিহার্য। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হারেদি জনগোষ্ঠীর বিরোধ নতুন রাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়াতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই নীতি ও প্রতিবাদের ঘটনা নজরে রাখছে। তারা সতর্ক করেছেন যে, ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে জোরপূর্বক পদক্ষেপ গৃহীত হলে সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।