প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি সংকটময় মুহূর্তে অবস্থান করছে। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ আয়োজনের ওপর।
সোমবার জাতীয় নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, “গণতন্ত্রের পথে আমরা কীভাবে হাঁটব, সেটি নির্ধারিত হবে আসন্ন নির্বাচনের মাধ্যমে। ভোটের দায়িত্বে যারা থাকবেন, তাদের সততা, সাহস ও নিরপেক্ষতার ওপরই নির্ভর করছে বাংলাদেশের আগামী পথচলা।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য হচ্ছে এমন একটি নির্বাচন আয়োজন করা, যাতে জনগণ ভয়মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ফলাফল নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।
সিইসি নাসির উদ্দীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,
“ভোটের মাঠে কারও প্রতি পক্ষপাত বা ভয় নয়— কেবল জনগণের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে।