ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে লাগাতার
প্রবল বর্ষণে সৃষ্ট বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো বেশ কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এএফপির প্রতিবেদন মতে, ভারি বৃষ্টিপাতের কারণে গত শনিবার (১৫ নভেম্বর) জাভা দ্বীপের মধ্যাঞ্চলের বানজারনেগারা জেলায় বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, জরুরি সেবা বাহিনী, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা একযোগে
উদ্ধার অভিযান চালাচ্ছেন। কাদামাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে
জীবিত কাউকে পাওয়ার আশায় তল্লাশি চলছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, জাভা অঞ্চলে বর্ষণ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এতে নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পাঠিয়েছে। ভূমিহীন ও ঘরহীন মানুষদের
জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
নিখোঁজদের পরিবারগুলো নিরাপদ অবস্থানে অপেক্ষা করছেন। উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের পরিমাণ বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা সময়সাপেক্ষ হতে পারে।